#মন_ভ্রমণ-পর্ব ২ || ০৯.০৩.২০২১
আমার যেন তর সইছিল না। গাড়ী থেকে নেমেই ছুটছিলাম। বন্ধু অবশ্য আমার সাথে পাল্লা দিতে পারে নি। সে তার ক্যামেরা সামলে আসতে গিয়েই পিছিয়ে পড়েছিল। ছুটতে ছুটতে একসময় থামলাম। থামলাম বলার চেয়ে বলা ভালো থমকে দাঁড়ালাম। বন্ধুও আমার পাশে এসে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। আমরা এসেছি শেষ বিকেলের আলোয়। সমুদ্রের তখন অন্য রূপ, অন্য রঙ। যেন প্রেমিকা বিদায় নেওয়ার মূহূর্তে অবুঝ এক প্রেমিক। বালির পাড় মনে হয় আমার চেয়েও দূরন্ত। যেন সে ছুটতে ছুটতে ঝাঁপিয়ে পড়েছে জলে। আর সাগর তাকে ঢেউয়ে ঢেউয়ে মিশিয়ে নিয়েছে নিজের করে।
আমরা পায়ে পায়ে এগিয়ে গেলাম জলের দিকে। জল তখন ধীরে ধীরে এগিয়ে আসছে পাড়ের কাছে, যেন আলিঙ্গনের আশায়। তট ছুঁয়ে ছুঁয়ে যেখানে ঢেউ ভাঙ্গছে সাগর, সেখানে আমরা পা ভিজিয়ে হাঁটতে লাগলাম।
দূরন্ত হাওয়া যেন সমস্ত এলোমেলো করে দিতে চায়। আমি আনমনা, বন্ধু ব্যাস্ত ছবি তোলায়। মাঝে মাঝে ঝিনুক কুড়োচ্ছি।
পাশে পাশে ক'একটা সাজানো গোছানো ঘোড়া চলাফেরা করছে শখের সওয়ারি নিয়ে, একটা রোগা জিরজিরে উটের দেখাও মিলল। এদিকটায় জমজমাট বেশ, অদূরেই হরেক কিসিমের পসরা সাজানো, জোর বেচাকেনা চলছে সেখানে।
হাঁটতে হাঁটতে ডানদিকে এগিয়ে গেলাম, এদিকে লোকের ভীড় পাতলা হতে শুরু করেছে। বেশ খানিকটা যাওয়ার পর দেখলাম একটা বড় নৌকা পাড়ে নোঙর ফেলা। আমরা সেই নৌকোর গায়ে হেলান দিয়ে দাঁড়ালাম সমুদ্রের দিকে মুখ করে, আলো নিভে আসছে, সমুদ্রের গর্জন আর হাওয়ার জোর দুই বাড়ছে পাল্লা দিয়ে। বন্ধুর আমার বাংলার মাটির দিকে টান। এই পরিবেশে সে তার দরাজ গলায় গান ধরল...
নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে
ধরো বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই
চিকন ধুতিখানি পড়িতে না জানি
না জানি বান্ধিতে কেশ
অল্প বয়সে পীরিতি করিয়া
হয়ে গেল জীবনেরও শেষ
প্রেমেরও মুরলি বাজাতে নাহি জানি
না পারি বান্ধিতে সুর
নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে
ধরো বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই...
হাওয়া মাঝে মাঝে যেন চুরি করে নিচ্ছে ওর কথা, সাগর যেন ওর উজাড় করা সুর দুহাত বাড়িয়ে গ্রহণ করছে। সে এক আত্মতন্ময়তা। মন প্রাণ যেন কোথায় সেই কোন সীমানায় পৌঁছে যায়।
গান থামলেও তার রেশ কাটতে চায় না কিছুতেই। চারপাশ অন্ধকার হয়ে এসেছে সমুদ্রের সাদা ফেনা আর মাঝি নৌকোর টিমটিমে আলো ছাড়া কিছুই দেখা যায় না। চোখ খুলে রাখা যায় না এত হাওয়া। তবু আমরা যেন হারিয়ে গিয়েছিলাম। অব্যক্ত কথাগুলোই গান হয়ে যেন ঝরে পড়ে।
খানিক সময় কাটল। ঘন্টা ধ্বনির আওয়াজে সম্বিৎ ফিরল যেন। কাছেই সমুদ্র আরতি হচ্ছে। পঞ্চপ্রদীপের শিখা আমাদের ঘরে ফেরার ইঙ্গিত দিল। ধ্যান ভঙ্গ করে আমরা ফেরার পথে পা বাড়ালাম। সমুদ্রের দিকে পিছন ফিরে হাঁটা যায় না। সে যেন ডাকে.. এসো... এসো...এসো... ফিরে এসো...
-উপাসিকা চ্যাটার্জ্জী
গান সংগ্রহ:
নিথুয়া পাথারে
কণ্ঠ : ফজলুর রহমান বাবু
মনপুরা (২০০৯)


এই লেখাটা পড়লে মুহূর্তে হারিয়ে যাই...মনে হয়,সামনে বিশাল সমুদ্র,আর শান্ত মন!
ReplyDeletedhonyobad...
Deleteবাহ্,কি অসাধারন মুহুর্ত।যেন সমুদ্রতটে হারিয়ে গিয়েছিলাম ক্ষণিক এর জন্য।🌼
ReplyDeletedonyobad...
Deleteবাহ্!!!👌👌👌
ReplyDelete